ভুল সংশোধনের সঠিক পদ্ধতি
মানুষ মাত্রই ভুল-বিচ্যুতির শিকার। ভুল হয় না এমন কোনো মানুষ হয় না। ভুল যেমন রয়েছে, তেমনি সংশোধনও রয়েছে। ইসলাম ভুল ধরিয়ে দেওয়ার সুন্নাহসম্মত পদ্ধতি রয়েছে। কেউ কেউ অন্যের ভুল দেখলে সুন্দরভাবে বুঝিয়ে সংশোধন করে দেওয়ার পরিবর্তে ধমক ও তুচ্ছতাচ্ছিল্য করে কথাও বলে ফেলেন। খুব বড় কিংবা জঘন্য কোনো ভুল নিয়ে বলছি না, নিত্যনৈমিত্তিক সূচিত হওয়া ছোট ছোট ভুলের কথা। ভুল সংশোধনে প্রিয় নবীজি (সা.)-এর আচরণ ছিল অত্যন্ত হিকমাহ ও আন্তরিকপূর্ণ। একবার রাসুল (সা.) হজরত আনাস (রা.)-কে বললেন, আনাস, তুমি কি এ কাজটি করতে পারবে? আনাস (রা.) বললেন, না, আমি পারব না (আনাস (রা.) তখন ছিলেন ছোট। এ কথা শুনে রাসুল (সা.) মুচকি হাসলেন এবং সেখান থেকে চলে গেলেন। হজরত আনাস (রা.) দীর্ঘ দশ বছর রাসুল (সা.)-এর খেদমতে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে হজরত আনাস (রা.) বলেন, ‘ওই দিন রাসুল (সা.)-এর মুচকি হাসিই ছিল আমার জন্য সবচেয়ে বড় শাস্তি। আমার জীবনে আর কোনো এমন ভুল দ্বিতীয়বার হয়নি।’ এ ছাড়া যেকোনো ভুল হলে, ‘তুমি এটি কেন করলে?’ এমনটিও তিনি বলতেন না। এমনকি রাসুল (সা.)-এর খেদমতে কাটানো দীর্ঘ দশ বছরে রাসুল (সা.) আমার প্রতি একটি কটু বাক্যও ব্যবহার করেননি।