টাঙ্গাইলের সখীপুরে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হওয়া সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সেঁজুতি রাণী সরকার সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার (২০ জুন) বিকেলে সেঁজুতি উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয় এবং সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।