নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর লাগেজ থেকে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি স্মার্টফোন জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনস–এর ফ্লাইট বিজি১৪৮ অবতরণ করে। পরে ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালিয়ে ২৭০ কার্টন ‘মন্ড’ ব্র্যান্ডের সিগারেট এবং ১৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
জব্দ হওয়া মোবাইল ফোনের মধ্যে ৫টি Apple–এর আইফোন এবং ১০টি Google–এর পিক্সেল সেট রয়েছে।
আটক যাত্রীর নাম মোহাম্মদ হোসেন জাহেদ হাবিব (পাসপোর্ট নম্বর: A15799208)। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ফরহাদাবাদ এলাকায়।
উদ্ধার করা পণ্যের বিপরীতে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে। এর মধ্যে সিগারেট বাবদ ৫ লাখ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন বাবদ ৪ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়।
বিমানবন্দর এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখার যৌথ অভিযানে এসব পণ্য জব্দ করা হয়। পরে ডিপার্টমেন্টাল মেমোরেন্ডা (ডিএম) মূল্যে জব্দকৃত সিগারেট ও মোবাইল ফোন চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, এক যাত্রীর ব্যাগেজ থেকে ২৭০ কার্টন সিগারেট ও ১৫টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।