কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-নেতৃত্বাধীন জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার নির্বাচনি হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেছেন তিনি। কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হলফনামার তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, তার নামে কোনো বাড়ি, গাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। তবে তার বার্ষিক আয় ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা। তার হাতে নগদ রয়েছে ১৩ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ২৬ লাখ টাকার সোনা। স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকা।
হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার পিতা-মাতা, স্ত্রী ও সন্তান তার আয়ের ওপর নির্ভরশীল। তার এক লাখ টাকার আসবাবপত্র এবং ৬৫ হাজার টাকার বিভিন্ন ইলেকট্রনিক পণ্য রয়েছে। তার নামে কোথাও কোনো মামলা বা অভিযোগ নেই। তিনি ও তার পরিবারের কারো নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো ঋণও নেই। পেশা হিসেবে বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত বলে হলফনামায় উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতার বিবরণে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের কথা জানিয়েছেন।
২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে হাসনাত আব্দুল্লাহ ১২ লাখ ৫৩ হাজার ৫৩৯ টাকা আয় দেখিয়েছেন। আয়কর নথি অনুযায়ী তার ঘোষিত সম্পদের পরিমাণ ৩১ লাখ ৬৭ হাজার ৬১৯ টাকা। এর বিপরীতে তিনি এক লাখ ৫ হাজার ৫৩১ টাকা আয়কর পরিশোধ করেছেন। হাসনাত আব্দুল্লাহ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১০ হাজার ৫৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৫ হাজার ২৩৭ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৫ হাজার ৩১৯ জন।