নিজস্ব প্রতিবেদক
বৈরী আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত, অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা এবং নষ্ট হওয়া এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত পুনঃসরবরাহের দাবিতে চট্টগ্রাম নগরের ষোলশহরে সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং শিক্ষা বোর্ড এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় তিন দফা দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন। আন্দোলনের কারণে ষোলশহর এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়ছেন। অনেকের ক্যালকুলেটর, এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে পরীক্ষায় অংশ নিতে পারেননি।
তাদের অভিযোগ, বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় না নিয়ে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য অমানবিক। তাই আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া এডমিট কার্ড ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত শিক্ষা বোর্ড থেকে পুনরায় সরবরাহ করা।
এছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ এবং কোনো নির্দিষ্ট এলাকার জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়ার দাবিও জানান আন্দোলনকারীরা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।