নিজস্ব প্রতিবেদক
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের লুকোচুরি হচ্ছে কি না, তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের উদ্দেশ্য ও অর্জন নিয়েও সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুই দিন আগে চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন। তিনি কী উদ্দেশ্যে বিদেশে গিয়েছিলেন এবং কী নিয়ে ফিরেছেন, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। বিশেষ করে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো গোপন সমঝোতা হয়েছে কি না, তা জনগণ জানতে চায়।
তিনি বলেন, ‘কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না।’ অতীতে যারা দাসত্ব স্বীকার করেছিল, তাদের পরিণতি এখন ভোগ করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, দলটি ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি। অতীতের স্বৈরাচারী শাসনের ইতিহাস এবং নিজেদের ভুল থেকেও তারা শিক্ষা গ্রহণ করেনি। বরং প্রতিদিন নতুন নতুন সংকট ও জঞ্জাল সৃষ্টি করছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, নভেম্বর মাসে সংসদ অধিবেশন বসার আগেই সরকারকে নিজেদের অবস্থান পরিবর্তন করে গণভোটের রায় বাস্তবায়নের ঘোষণা দিতে হবে। অন্যথায় বিরোধী দলকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে হবে। জনগণের দাবি এবং ৭০ শতাংশ মানুষের ভোটের রায় কোনোভাবেই অপমানিত হতে দেওয়া হবে না।
উল্লেখ্য, গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে শনিবার সকালে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে ১১ দলীয় ঐক্যের লংমার্চ শুরু হয়। ঢাকা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে পথসভা করার পর রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।