• ঢাকা |

২০২৬-২৭ অর্থবছরের এডিপি অনুমোদন, আকার ৩লাখ কোটি টাকা


নিউজ প্রকাশের তারিখ : ১৮ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা এবং প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত এনইসি সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এনইসি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে এডিপির বিভিন্ন দিক তুলে ধরেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকার নতুন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে এবং এই এডিপি নির্বাচনী ইশতেহারের প্রতিফলন। তার ভাষায়, এটি “ভঙ্গুর অর্থনীতি থেকে সমৃদ্ধির পথে” এগিয়ে যাওয়ার পাঁচ বছরের একটি কাঠামো।

তিনি জানান, প্রস্তাবিত এডিপি শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং রাষ্ট্রীয় সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন, টেকসই অর্থনীতি এবং আঞ্চলিক ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রণয়ন করা হয়েছে। ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর আলোকে এডিপিকে পাঁচটি প্রধান স্তম্ভে সাজানো হয়েছে।

চলমান অর্থবছরের তুলনায় বড় আকারের এই উন্নয়ন কর্মসূচিকে সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন তিনি।

এদিকে প্রকল্প বাস্তবায়নে শৃঙ্খলা আনতে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগে প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, সব প্রকল্প পর্যালোচনা করা হচ্ছে এবং নতুন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। সময় বাড়ানোর সুযোগ থাকবে না বলেও সতর্ক করেন তিনি।