নিজস্ব প্রতিবেদক
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ১০৪ জন। বাকি ১ হাজার ১১০ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২৭৩ জনে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।