• ঢাকা |

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড


নিউজ প্রকাশের তারিখ : ২১ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। শিপিং লাইন সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনাকালে ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ এবং ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বন্দর ও টার্মিনাল সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর জাহাজটির পরিচালন কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টায় মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার খালাস ও বোঝাই করা হয়। এসব কনটেইনারের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৫৭১ টিইইউ। টার্মিনালটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালুর পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ এবং ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল প্রতিষ্ঠানটি। নতুন এই অর্জনের মাধ্যমে এক মাসের ব্যবধানে ঘণ্টাপ্রতি কনটেইনার ব্যবস্থাপনার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এমভি আমুরো পরিচালনাকালে আরএসজিটি বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেছে জাহাজটির পরিচালনাকারী আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম। সংশ্লিষ্টদের মতে, এই অর্জন টার্মিনালটির পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের কনটেইনার সেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কাজ করছে আরএসজিটি বাংলাদেশ। দেশের বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি, বৈশ্বিক শিপিং লাইনগুলোর চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান কার্যক্রমে সহায়তা করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন এই অর্জন প্রসঙ্গে আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, “আমাদের প্রতি সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেখানে আমরা অবিচল। এর মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।”