• ঢাকা |

হরমুজে আটকে থাকা তেলবাহী জাহাজ, চার মাস পর দেশের পথে


নিউজ প্রকাশের তারিখ : ২৬ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন হরমুজ প্রণালিতে আটকে থাকার পর অবশেষে বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অয়েলবাহী জাহাজ এমটি নর্ডিক পোলাক্স। এক লাখ ৮ হাজার টনেরও বেশি অপরিশোধিত তেল নিয়ে জাহাজটি বর্তমানে শ্রীলঙ্কার গলে বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র জানায়, সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে ক্রুড অয়েল বোঝাই করে আসার পথে যুদ্ধজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ হলে গত ৩ মার্চ জাহাজটি আটকে পড়ে। পরে ২২ জুন হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরে পৌঁছে প্রয়োজনীয় জ্বালানি (বাঙ্কার) ও পানি সংগ্রহ করে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়।

বর্তমানে জাহাজটি প্রায় ১০ দশমিক ৬ নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলছে। আগামী ৩০ জুন সকাল সাড়ে ৬টায় শ্রীলঙ্কার গলে বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর ৬ জুলাই সকাল ৮টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সূত্রে জানা গেছে, বিপিসির আমদানি করা শতভাগ ক্রুড অয়েল বিএসসির জাহাজে পরিবহন করা হয়। এসব তেল পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে পরিশোধনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা পূরণে ব্যবহৃত হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, “নর্ডিক পোলাক্স নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ফুজাইরা থেকে প্রয়োজনীয় সরবরাহ নিয়ে জাহাজটি এখন বাংলাদেশের পথে রয়েছে।”

এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ক্রুড অয়েল সরবরাহ ব্যাহত হওয়ায় গত ১২ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করতে হয়েছিল। পরে এমটি নিনেমিয়া জাহাজে নতুন চালান পৌঁছানোর পর ৮ মে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।

বর্তমানে এক লাখ ২ হাজার ২৮০ টন এরাবিয়ান লাইট ক্রুড অয়েলবাহী এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাংকরে অবস্থান করছে এবং সেখান থেকে লাইটারিং কার্যক্রম চলমান রয়েছে। জাহাজটি হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেল নিয়ে গত ১৭ জুন চট্টগ্রামে পৌঁছায়। এর আগে একই জাহাজ মে মাসেও বিকল্প রুট ব্যবহার করে এক লাখ টন ক্রুড অয়েল বাংলাদেশে নিয়ে আসে।

ইস্টার্ন রিফাইনারি সূত্র জানায়, বর্তমানে প্রতিদিন ৪ থেকে সাড়ে ৪ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে প্রায় ২ হাজার থেকে ২ হাজার ২০০ টন ডিজেল উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি এলপিজি, কেরোসিন, ফার্নেস অয়েল ও অকটেনসহ বিভিন্ন উপজাতও উৎপাদিত হচ্ছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে তেলবাহী জাহাজের বার্থিং, লাইটারিং ও খালাস কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নর্ডিক পোলাক্সের আগমন দেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।