• ঢাকা |

বেড়িবাঁধের এক টাকাও লুটপাট হতে দেব না: নাহিদ ইসলাম


নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, আনোয়ারার উপকূলীয় এলাকার কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে আছে। স্থানীয়দের দাবি, ত্রুটিপূর্ণ বেড়িবাঁধের কারণেই এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবারের বাজেটেও বেড়িবাঁধ নির্মাণের জন্য বরাদ্দ রাখা হয়েছে। "আমরা আপনাদের কথা দিচ্ছি, এবারের বাজেটের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেব না। বেড়িবাঁধের বিষয়টি সংসদে উত্থাপন করব। স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসন যেন সুষ্ঠুভাবে এই অর্থ ব্যয় করে এবং আপনাদের দুর্ভোগ দ্রুত দূর হয়, সে বিষয়ে আমরা কাজ করব।"

তিনি বলেন, নিজেদের সক্ষমতা অনুযায়ী এনসিপি দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দলের নেতাকর্মীদেরও বন্যাকবলিত মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, "পুরো বাংলাদেশের মানুষ এখন চট্টগ্রামকে নিয়ে চিন্তিত। আমি সারাদেশের মানুষের প্রতি আহ্বান জানাই, তারা যেন বন্যাদুর্গত চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ান।"

ত্রাণ বিতরণ কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, 'জাতীয় যুবশক্তি'র কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, 'জাতীয় ছাত্রশক্তি'র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনোয়ারা পরিদর্শন শেষে এনসিপির শীর্ষ নেতারা বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শনে যান।