• ঢাকা |

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা,ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন মেসি


নিউজ প্রকাশের তারিখ : ২৯ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক-

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলটির নেতৃত্বে থাকছেন অধিনায়ক ও ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় এই আসরটি হতে যাচ্ছে ৩৮ বছর বয়সী মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কোচ লিওনেল স্কালোনি কাতার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যের ওপরই আস্থা রেখেছেন। ২০২২ সালে ইতিহাস গড়া সেই দলের ১৭ জন ফুটবলার এবারও জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। গোলপোস্টে আছেন নির্ভরতার প্রতীক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজদের মতো গুরুত্বপূর্ণ তারকারাও রয়েছেন স্কোয়াডে।

তবে আলোচনার কেন্দ্রে ছিল অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার নাম। গুঞ্জন থাকলেও তাকে ফেরানো হয়নি দলে। কোপা আমেরিকা ২০২৪ শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়া ডি মারিয়াকে ছাড়াই শিরোপা ধরে রাখার মিশনে নামছে আলবিসেলেস্তেরা।

এদিকে ইনজুরির কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে না পারা মিডফিল্ডার জিওভানি লো সেলসো এবার জায়গা পেয়েছেন স্কোয়াডে। ২০১৮ বিশ্বকাপে দলে থাকলেও মাঠে নামার সুযোগ হয়নি তার। ফলে এবারের আসরে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পাচ্ছেন এই মিডফিল্ডার।

অভিজ্ঞ ফুটবলারদের পাশাপাশি ভবিষ্যতের কথাও মাথায় রেখেছেন স্কালোনি। দলে সুযোগ পেয়েছেন কয়েকজন তরুণ প্রতিভাবান ফুটবলার। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ, জিউলিয়ানো সিমিওনে, থিয়াগো আলমাদা ও জোসে ম্যানুয়েল লোপেজ প্রথমবারের মতো বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ একটি দল গড়ার চেষ্টা করেছেন আর্জেন্টাইন কোচ।

অন্যদিকে চোট ও ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন ২০২২ সালের স্কোয়াডের সদস্য মার্কোস আকুনা। এছাড়া সম্ভাবনাময় তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথের ডিফেন্ডার মার্কোস সেনেসি এবং অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়াও জায়গা পাননি চূড়ান্ত দলে।

‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপপর্বে তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি।

আর্জেন্টিনার ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার

লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।

মিডফিল্ডার

লায়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড

লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ।