• ঢাকা |

ফটিকছড়িতে বাস চাপায় বাবা-ছেলের মৃত্যু,বিক্ষুব্ধ জনতার বাসে আগুন


নিউজ প্রকাশের তারিখ : ১ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে একটি বিআরটিসি বাসে আগুন দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক জানান, মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ বাসটির চালক মো. রাসেলকে (৩৮) আটক করে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা বিক্ষোভে ফেটে পড়েন। তারা মহাসড়ক অবরোধ করে এবং একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে সংশ্লিষ্ট প্রশাসন।