নিজস্ব প্রতিবেদক-
প্রায় দুই সপ্তাহের অচলাবস্থার পর কক্সবাজারের মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-এর একটি বয়লার পুনরায় চালু হয়েছে। কারিগরি ত্রুটি মেরামত শেষে বুধবার রাত থেকে টার্মিনালটি আংশিকভাবে গ্যাস সরবরাহ শুরু করেছে। এতে চট্টগ্রাম অঞ্চলে চলমান গ্যাস সংকট ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) কতৃপক্ষ জানায়, এফএসআরইউতে সৃষ্ট কারিগরি ত্রুটি দূর করতে দেশি-বিদেশি প্রকৌশলীরা টানা কাজ করেছেন। তাদের প্রচেষ্টায় একটি বয়লার সচল হওয়ায় বুধবার রাত থেকেই গ্যাস সরবরাহে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
তিনি বলেন, বর্তমানে আনোয়ারা হয়ে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ অঞ্চলে দৈনিক ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটি গ্যাস সরবরাহ করা হয়। বাকি সক্ষমতা দ্রুত পুনরুদ্ধারের জন্য কাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় আপাতত জাতীয় গ্রিডে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি এলএনজি যোগ হচ্ছে। দ্বিতীয় বয়লারও সচল হলে সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত ২১ জুলাই মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে শিল্প-কারখানা, বিদ্যুৎকেন্দ্র ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়। পরে জাতীয় গ্রিড থেকেও সরবরাহ কমিয়ে দেওয়ায় সংকট আরও তীব্র আকার ধারণ করে।
তবে একটি বয়লার চালু হওয়ায় পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, বাকি কারিগরি কাজ শেষ হলে অল্প সময়ের মধ্যেই চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।