• ঢাকা |

খণ্ডিত বক্তব্যে বিভ্রান্তি—চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না: সরওয়ার জামাল


নিউজ প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:


নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভাইরাল একটি খণ্ডিত বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তির অবসান ঘটিয়ে এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। তিনি স্পষ্ট করেছেন, দলীয় নেতাকর্মীদের নয়—বরং বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজিতে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধেই ছিল তার কঠোর হুঁশিয়ারি।

সম্প্রতি আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা ও নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে দেওয়া সরওয়ার জামাল নিজামের একটি বক্তব্যের খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়।

প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সরওয়ার জামাল নিজাম বলেন, তার বক্তব্য আংশিকভাবে প্রচার করা হয়েছে, যা মূল বক্তব্যের ভাব ও প্রেক্ষাপট বিকৃত করেছে। তিনি জানান, চাতরী চৌমুহনী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং তারা বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম চালিয়ে আসছে। এতে দলের সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন।

তিনি বলেন, আমি স্পষ্টভাবে অপকর্মে জড়িতদের উদ্দেশ্য করেই সতর্কবার্তা দিয়েছি। বিএনপির কোনো ত্যাগী নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে না—এটাই আমার অবস্থান।

সরওয়ার জামাল নিজাম আরও উল্লেখ করেন, তিনি অতীতে সংসদ সদস্য থাকাকালে চৌমুহনী বাজার এলাকায় সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল এবং চাঁদাবাজির কোনো সুযোগ ছিল না। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা পরিচালনা করেছেন—এমন উদাহরণ তুলে ধরে তিনি আবারও একটি স্বচ্ছ ও নিরাপদ বাজারব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। এ ধরনের অপকর্মে জড়িতদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

স্থানীয় ব্যবসায়ী ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরওয়ার জামাল নিজাম অতীতেও বাজারকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রেখেছেন। ফলে তার সাম্প্রতিক বক্তব্যকে তারা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা হিসেবেই দেখছেন।

সমর্থকদের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে খণ্ডিত বক্তব্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করলেও বাস্তবে সরওয়ার জামাল নিজামের অবস্থান সবসময়ই চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর এবং আপসহীন।