• ঢাকা |

বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাতের প্রেক্ষাপটে বুদ্ধের বাণী আরও প্রাসঙ্গিক হচ্ছে, চট্টগ্রামে বুদ্ধ পূর্ণিমার সভায় বক্তারা


নিউজ প্রকাশের তারিখ : ১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায় এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শহাদাত হোসেন।

ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন ও বিশ্ব শান্তি কামনায় দুপুরে নগরীর নন্দনকান বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন। 

আলোচনা সভার আগে এ উপলক্ষে‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ডিসি হিল চত্বর থেকে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়।

বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রাথমিক জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।

এসময় উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া বাপ্পি, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় বক্তারা বলেন, বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যুদ্ধ নয় শান্তি চাই-এই আহ্বানকে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে হবে না।

ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

 

 

শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।