• ঢাকা |

২০২৬ বিশ্বকাপে নতুন ইতিহাস, শেষ চারে ফিফার শীর্ষ চার দল


নিউজ প্রকাশের তারিখ : ১২ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক-

২০২৬ ফিফা বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায় রচিত হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ফুটবল ইতিহাসে এর আগে কোনো বিশ্বকাপে এমন নজির দেখা যায়নি। 

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো একসঙ্গে সেমিফাইনালে উঠেছে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল। ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের এই কীর্তি বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

গত ১১ জুন প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছিল শীর্ষে। তাদের পরের তিন স্থানে ছিল যথাক্রমে স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপ চলাকালে ম্যাচের ফলাফলের ভিত্তিতে লাইভ র‍্যাংকিংয়ে কিছু পরিবর্তন এলেও শীর্ষ চার দলের তালিকায় কোনো পরিবর্তন হয়নি।

বর্তমান লাইভ র‍্যাংকিংয়ে ফ্রান্স এক নম্বরে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা, তৃতীয় স্পেন এবং চতুর্থ ইংল্যান্ড।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ফ্রান্স। সেমিফাইনালে আগামী ১৪ জুলাই রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে ফরাসিরা। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে ওঠে স্প্যানিশরা।

অন্য সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে আর্জেন্টিনা, আর নরওয়েকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। দুই দলের লড়াই অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুলাই রাত ১টায়।

দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ১৯ জুলাই রাত ১টায় বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। এবার বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়নের মুকুট জিতবে ফুটবল বিশ্বের বর্তমান সেরা চার দলেরই একটি।