• ঢাকা |

স্পেনকে অভিনন্দন, ফ্রান্সকে সাহস দিলেন ম্যাক্রোঁ


নিউজ প্রকাশের তারিখ : ১৫ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। তবে এই হতাশাজনক পরাজয়ের পরও ফরাসি দল নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী স্পেনের কাছে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বাধীন ফরাসিদের। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন জানান ম্যাক্রোঁ।

তিনি লেখেন, ‘যোগ্য দল হিসেবে ফাইনালে ওঠায় স্পেনকে অভিনন্দন। দেশের জার্সির মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ চেষ্টা করার জন্য লে ব্লুজকে ধন্যবাদ। আজকের এই পরাজয় মেনে নেওয়া কঠিন। তবে এই দলটি এখনো তরুণ এবং তাদের সামনে দারুণ ভবিষ্যৎ রয়েছে।’

ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রেখে ফ্রান্সকে চাপে রাখে স্পেন। প্রথমার্ধে লামিন ইয়ামালকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল।

এরপর দানি ওলমোর দুর্দান্ত থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।

এই জয়ে ২০১০ সালের পর প্রথমবার এবং ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। আগামী রোববার নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্প্যানিশরা।