• ঢাকা |

বিশ্বকাপের ফাইনালে ট্রফি তুলে দেবেন ট্রাম্প


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট  ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

মঙ্গলবার (২৩ জুন) ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো জানান, আগামী ১৯ জুলাই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল উপভোগ করার পাশাপাশি ট্রফি প্রদান অনুষ্ঠানেও অংশ নেবেন ট্রাম্প।

এবারের বিশ্বকাপের ১৬টি ভেন্যুর মধ্যে ১১টিই যুক্তরাষ্ট্রে হওয়ায় শুরু থেকেই আলোচনায় ছিলেন দেশটির প্রেসিডেন্ট। যদিও টুর্নামেন্ট চলাকালে বিশ্বকাপ নিয়ে ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য খুব বেশি শোনা যায়নি। তবে ইনফান্তিনোর এই ঘোষণার পর নতুন করে আলোচনার জন্ম হয়েছে।

ফিফা সভাপতি বলেন, “আমরা প্রেসিডেন্টের সঙ্গে একসঙ্গে ফাইনাল উপভোগ করব এবং অবশ্যই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।”

দুজন একসঙ্গে ট্রফি প্রদান করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ইনফান্তিনো বলেন, “অবশ্যই। আমরা সবসময়ই একসঙ্গে থাকি।”

বিশ্বকাপের প্রস্তুতি পর্বে ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বেশ আলোচনায় ছিল। এ ঘোষণা ফুটবল অনুরাগীদের মনে করিয়ে দিয়েছে গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের কথা। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে চেলসির হাতে ট্রফি তুলে দিয়েছিলেন ট্রাম্প। ট্রফি হস্তান্তরের পর মঞ্চ না ছেড়ে বিজয়ী দলের সঙ্গে থেকে যাওয়ায় বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

চেলসির অধিনায়ক রিস জেমস পরে বলেন, “আমাকে বলা হয়েছিল তিনি ট্রফি তুলে দিয়ে মঞ্চ থেকে নেমে যাবেন। কিন্তু তিনি থাকতে চেয়েছিলেন।”

চেলসি তারকা কোল পালমারও একই ঘটনার কথা উল্লেখ করে বলেন, “আমি জানতাম তিনি সেখানে থাকবেন। কিন্তু আমরা ট্রফি উঁচিয়ে ধরার সময় তিনিও মঞ্চে থাকবেন, সেটা জানতাম না। সত্যি বলতে আমি কিছুটা বিভ্রান্ত হয়েছিলাম।”

এ ছাড়া ক্লাব বিশ্বকাপকে ঘিরে ট্রাম্পের আরেকটি মন্তব্যও আলোচনার জন্ম দিয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর তথ্য অনুযায়ী, তিনি দাবি করেছিলেন টুর্নামেন্টের আসল ট্রফিটি হোয়াইট হাউসের ওভাল অফিসে রাখা হয়েছে। আর চ্যাম্পিয়ন চেলসি লন্ডনে নিয়ে যাওয়ার জন্য পেয়েছিল ট্রফিটির একটি প্রতিরূপ।