নিজস্ব প্রতিবেদক-
সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থ ী হিসেবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার শাকিলা ফারজানা। সোমবার (২০ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনীতদের তালিকা ঘোষণা করেন।
তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রামের হাটহাজারির পরিচিত রাজনৈতিক মুখ ব্যারিস্টার শাকিলা ফারজানা।
ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির প্রয়াত নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বাবার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
২০১৫ সালে জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে র্যাব তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। তবে বিএনপির দাবি, এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা। ওই মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাভোগ করেন।
পরবর্তীতে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে ওই মামলা থেকে খালাস দেন।
পেশাগত জীবনে ব্যারিস্টার শাকিলা ফারজানা একজন আইনজীবী। তিনি ১৯৭৭ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট এলাকার বড় মীরা পাড়ায় জন্মগ্রহণ করেন।