চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
তিনি জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে ফ্লাইদুবাইয়ের FZ-463 ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান মীরসরাই উপজেলার বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী। ব্যাগেজ সংগ্রহ করে তিনি কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) প্রতিনিধিরা তাকে চ্যালেঞ্জ করেন।
পরে তল্লাশিকালে তার পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা স্বর্ণের চালান বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে স্বর্ণ পাচারের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।