• ঢাকা |

কক্সবাজার আদালত এলাকায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি


নিউজ প্রকাশের তারিখ : ২৪ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে হাজিরা দিতে আসা এক আসামিকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে সন্দেহভাজন দুইজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী একটি মামলায় হাজিরা দিয়ে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন। এসময় অস্ত্রধারী চার যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে দ্রুত সরে গিয়ে তিনি এক অস্ত্রধারীকে ধরে ফেললে ধস্তাধস্তির সৃষ্টি হয়।

একপর্যায়ে ওই যুবক এলোপাতাড়ি গুলি চালাতে থাকলে মইনুদ্দিন নামের এক যুবক পায়ে গুলিবিদ্ধ হন। সব মিলিয়ে ঘটনায় দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) অহিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।