• ঢাকা |

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম


নিউজ প্রকাশের তারিখ : ২১ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষর করেন। এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর সংশোধনী এবং ২০২৪ সালের ২৩ অক্টোবর জারি করা অধ্যাদেশ অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী এক বছর তিনি চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, দায়িত্ব গ্রহণের আগে প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে অন্য যেকোনো পেশা, ব্যবসা বা সরকারি, বেসরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান সব কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

চট্টগ্রাম ওয়াসার সর্বশেষ পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা পরিচালক ছিলেন প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার গত ৩০ অক্টোবর ২০২৪ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।

প্রকৌশলী একেএম ফজলুল্লাহ ২০০৯ সাল থেকে টানা ১৫ বছর ধরে মোট আটবার নিয়োগ পেয়ে চট্টগ্রাম ওয়াসার এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।