প্রেস বিজ্ঞপ্তি :
চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
২৩ জানুয়ারি শুক্রবার সকালে উপজেলার নাজিরহাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত শিবির নেতা আফাছ ও জামায়াত নেতা খোরশেদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা ও গণজমায়েতের সূচনা করেন।
সকাল সাড়ে ৯ টায় শুরু হওয়া এই গণজমায়েতটি নাজিরহাট বাস স্টেশন থেকে যাত্রা শুরু করে,পরে এটি নাজিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝংকার মোড়ে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
এলাকার ছাত্রসমাজ, সাধারণ জনগণসহ দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনসাধারণ অধ্যক্ষ নুরুল আমিনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
গণজমায়েতে চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বারের নেতৃত্বে ফটিকছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমির নাজিম উদ্দীন শিকদারসহ বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াত নেতারা বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন আদর্শ শিক্ষাবিদ এবং সৎ ও নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবে এলাকায় সুপরিচিত। তাঁর নির্বাচনী প্রচারণা শুরুকে কেন্দ্র করে পুরো উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি হয়েছে।
নেতারা আরও জানান, এই গণজমায়েতের মাধ্যমে আগামী দিনের নির্বাচনী কর্মসূচি, এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের রূপরেখা তুলে ধরা হবে।