নিজস্ব প্রতিবেদক , আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চক সার্বজনীন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা উদ্যাপন কমিটির হাতে শুভেচ্ছা অনুদান তুলে দিয়েছেন তরুণ সমাজসেবক শাকিল বিন ইসলাম।
দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপে গিয়ে তিনি পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার আহ্বান জানান।
শাকিল বিন ইসলাম বলেন, “একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণ জরুরি। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবেন এবং সবাই মিলেমিশে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেবেন।”
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মিলেমিশে বসবাস বাংলাদেশের ঐতিহ্য। এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উত্তর গুয়াপঞ্চক সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।