• ঢাকা |

চট্টগ্রামে ক্যান্সার আক্রান্ত হাজতির মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

 

নিজস্ব প্রতিবেদক :

কারাবন্দি অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন এক হাজতির মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত হাজতির নাম আব্দুর রহমান মিয়া (৭০)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন।

জানা গেছে, আব্দুর রহমান মিয়া চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ পূর্ব মুহুরি পাড়ার বাসিন্দা। তিনি মৃত জইন উদ্দিন প্রকাশ দরফ আলীর ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, কোতোয়ালী থানার একটি মামলায় হাজতি হিসেবে আটক আব্দুর রহমান মিয়া গত বছরের ১৭ নভেম্বর কারাগারে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ভর্তি করেন। চমেক হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা গ্রহণের পর ১৮ জানুয়ারি তাকে ছাড়পত্র দিয়ে পুনরায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তবে হাসপাতালের ছাড়পত্র অনুযায়ী তার শরীরে ফুসফুসের ক্যান্সার থেকে মস্তিষ্কে ছড়িয়ে পড়া রোগ শনাক্ত হয়। এছাড়া তিনি উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিল রোগেও আক্রান্ত ছিলেন।

পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, ”তিনি (আব্দুর রহমান মিয়া) ক্যান্সার আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ২৬ জানুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। হাজতির মৃত্যুর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”