• ঢাকা |

মিরসরাইয়ে বেপরোয়া বাস কেড়ে নিল স্কুলছাত্রীর প্রাণ


নিউজ প্রকাশের তারিখ : ৫ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের ধাক্কায় নুসরাত জাহান (৭) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নুসরাত জাহান উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার আনোয়ার হোসেনের মেয়ে। সে উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে চাচির সঙ্গে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় নোয়াখালীগামী জোনাকি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নুসরাত। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় এক শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিনকি আস্তানা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।