নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত ও সুশাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সুশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব অনেক বেশি। আইনের সঠিক প্রয়োগ, মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা এবং আইনের প্রতি মানুষের আস্থা তৈরিতে আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
শনিবার দুপুরে নগরীর একটি কনভেনশন হলে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের (আইআইইউসি) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের পেশাগত দায়িত্বের পাশাপাশি নৈতিক ও সামাজিক দায়বদ্ধতাও রয়েছে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রো-ভিসি ড. মো. হাসমত আলী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তরিক আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঈনুদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, এডভোকেট শামসুল ইসলাম, এডবোকেট হাসান আলী প্রমূখ।
অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের বিষয়টি উদযাপন করা হয়। এ সময় বিদায়ী ও নতুন কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, মাহমুদ ইসলাম সুমন, সহসভাপতি হাসান উদ্দিনসহ কমিটির অন্যান্য সদস্যদের হাতে স্মারক তুলে দেন অতিথিরা।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি আইনজীবীদের দক্ষতা উন্নয়নেও এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আইনের শিক্ষার্থীদের সঙ্গে পেশাজীবীদের যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে আইআইইউসি ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য, আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
পরে চট্টগ্রাম ও ঢাকার শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় নতুন কার্যকরী কমিটির অভিষেক আয়োজন।