ঢাকা প্রতিবেদক-
গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-এ জাতিসংঘ-এর রাজনৈতিক, শান্তি প্রতিষ্ঠা ও শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সহকারী মহাসচিব খালেদ খিয়ারি-এর সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বৈঠকে প্রতিমন্ত্রী নবনির্বাচিত সরকারের অগ্রাধিকার তুলে ধরে বলেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখা সরকারের প্রধান লক্ষ্য।
তিনি জানান, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম-এ বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি চলমান বৈশ্বিক তারল্য সংকটের মধ্যেও শান্তিরক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে নারী ও তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র দীর্ঘমেয়াদি সমাধান। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা উদ্যোগে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে বাংলাদেশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।