• ঢাকা |

রাফাহ ক্রসিং বন্ধ, বিদেশে চিকিৎসা পাচ্ছেন না গাজার গুরুতর অসুস্থরা


নিউজ প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:


আপডেট ডেস্ক
গাজা উপত্যকায় গুরুতর অসুস্থ ও আহত রোগীদের চিকিৎসাসেবা নিয়ে সংকট আরও গভীর হচ্ছে। বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার পথ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো রোগী। টানা দ্বিতীয় সপ্তাহের মতো রাফাহ ক্রসিং বন্ধ থাকায় জরুরি চিকিৎসার প্রয়োজন থাকা রোগীরা গাজার বাইরে যেতে পারছেন না বলে অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
শুক্রবার (১৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গুরুতর অসুস্থ ও আহত ব্যক্তিদের চিকিৎসার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মন্ত্রণালয়ের অভিযোগ, এ পরিস্থিতি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন।
বিবৃতিতে বলা হয়, রাফাহ ক্রসিং বন্ধ থাকায় বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকা গুরুতর রোগীদের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। প্রতিদিনই এ তালিকায় নতুন রোগী যুক্ত হচ্ছেন। অন্যদিকে, গাজার জরাজীর্ণ ও অবরুদ্ধ হাসপাতালগুলো রোগীদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।
হাসপাতালগুলোর সীমিত সক্ষমতার কারণে গুরুতর রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে যেসব রোগীর উন্নত চিকিৎসার জন্য গাজার বাইরে যাওয়া প্রয়োজন, তাদের জীবন আরও ঝুঁকির মুখে পড়ছে।
এ অবস্থায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি ইসরায়েলের ওপর জরুরি ও কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে রাফাহ ক্রসিংসহ অন্যান্য সীমান্তপথ খুলে দিয়ে গুরুতর অসুস্থ ও আহত রোগীদের বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, সীমান্তপথ বন্ধ থাকার কারণে চিকিৎসার সুযোগ সংকুচিত হওয়ায় গাজার স্বাস্থ্যব্যবস্থার ওপর চাপ আরও বাড়ছে। জরুরি চিকিৎসাপ্রয়োজন এমন রোগীদের নিরাপদে বাইরে যাওয়ার সুযোগ নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।