• ঢাকা |

ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত


নিউজ প্রকাশের তারিখ : ২৪ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

দেশের ১৩টি সিটি করপোরেশনের মধ্যে প্রাথমিকভাবে আটটিতে মেয়র প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২২ জুন) দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘মজলিশে শুরা’র অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)কে।

প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া অন্য প্রার্থীরা হলেন— চট্টগ্রাম সিটি করপোরেশনে নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, গাজীপুর সিটি করপোরেশনে উসমান পাশা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বরিশাল সিটি করপোরেশনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল, রংপুর সিটি করপোরেশনে মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান, খুলনা সিটি করপোরেশনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মহানগর আমির মোহাম্মদ আবদুল জব্বার।

এদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের মেয়র প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সূত্র জানিয়েছে, এসব সিটিতে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাহী পরিষদের বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে দলের নিয়ম অনুযায়ী মজলিশে শুরার পরবর্তী অধিবেশনেই এসব নাম চূড়ান্ত করা হবে।