নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে শরিক দল খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় জোটের কোনো কর্মসূচিতে অংশ নেবে না দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর সেই জোটের কার্যকারিতা অনেকটাই শেষ হয়ে গেছে। নির্বাচন-পরবর্তী কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেও ভবিষ্যতে এ জোটের কার্যক্রমে আর থাকবে না খেলাফত মজলিস।
তবে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে প্রয়োজন হলে নতুন কোনো জাতীয় ঐক্যের বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে।
দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ জুন চট্টগ্রাম বিভাগীয় সমাবেশের পর থেকেই জোটের সঙ্গে খেলাফত মজলিসের দূরত্ব তৈরি হয়। সে সময় দলটি তাদের নাম ও নেতাদের পরিচয় জোটের ব্যানার বা প্রচারণায় ব্যবহার না করার অনুরোধ জানায়। পরে রংপুরের একটি সমাবেশে নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয় এবং এরপর থেকে জোটের কর্মসূচিতে তাদের নাম ব্যবহার বন্ধ রাখা হয়।
এদিকে, ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আযাদ দাবি করেছেন, খেলাফত মজলিসের এ সিদ্ধান্তে জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ১১ দলীয় জোট আগের মতোই মাঠে থাকবে এবং সংস্কারের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে।