• ঢাকা |

জুলাই জাদুঘরের ভাস্কর্য থেকে মুখাবয়ব মুছে ফেলার আহ্বান মামুনুল হকের


নিউজ প্রকাশের তারিখ : ৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাদুঘরে শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে থাকা ভাস্কর্যের মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

রোববার জুলাই জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতারা তার সঙ্গে ছিলেন।

মামুনুল হক বলেন, জাদুঘরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের দুঃসহ স্মৃতি ও নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে। এটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য, বিশেষ করে রাষ্ট্রের শাসকদের জন্য শিক্ষণীয় একটি জায়গা। তবে জাদুঘরে থাকা গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও স্মৃতিচিহ্ন সংরক্ষণে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস যথাযথভাবে সংরক্ষিত হয়নি। কোনো পক্ষের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর না করে সত্য ও বাস্তবতার ভিত্তিতে ইতিহাস সংরক্ষণ করা উচিত।

২০১৩ সালে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ড ঘোষণার পর সংঘটিত সহিংসতা, ২০১৫-১৬ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করার পরের আন্দোলন এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের স্মৃতিও জাদুঘরে সংরক্ষণের দাবি জানান তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি সীমান্ত হত্যাকাণ্ড ও বিভিন্ন আন্দোলন-সংগ্রামের ঘটনাও ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরার আহ্বান জানান খেলাফত মজলিসের আমির।

জাদুঘরে থাকা প্রাণীর ভাস্কর্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, প্রতিটি ঐতিহাসিক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দৃশ্যকে তার মূল চেতনাসহ ধারণ করা উচিত। শাপলা চত্বরের নিহতদের স্মৃতি তুলে ধরতে ভাস্কর্য রাখা হলেও সেখানে মানুষের মুখাবয়ব না রাখার পরামর্শ দেন তিনি।

জুলাই আন্দোলনের অংশীজনদের স্বীকৃতির ক্ষেত্রেও বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ করেন মামুনুল হক। যার যতটুকু ভূমিকা, সে অনুযায়ী স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ফেলানী হত্যার স্মৃতি সংরক্ষণের বিষয়েও কথা বলেন মামুনুল হক। তিনি বলেন, ফেলানীর কাঁটাতারে ঝুলন্ত লাশের ছবি বাংলাদেশের মানুষের কাছে সীমান্ত নির্যাতনের একটি প্রতীক হয়ে আছে। তাই ওই ঘটনাটির স্মৃতিও জাদুঘরে স্থান পাওয়া উচিত।