• ঢাকা |

বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, চলাচলে দুর্ভোগ


নিউজ প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীতে বৃষ্টি মানে জলবদ্ধতা। রোববার আর সোমবার দুই পশলা বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। রবিবার, ২৬ এপ্রিল রাতে এক পশলা বৃষ্টি এবং আজ সোমবার, ২৭ এপ্রিল সকালেও হালকা বৃষ্টি হয়েছে। আর এ বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জমে গেছে হাঁটু থেকে কোমার সমান পানি। তবে বৃষ্টি থামার ২-৩ ঘন্টা পরও পানি নামেনি। এতে সড়কে যানজট সৃষ্টির পাশাপাশি চলাচলে বেড়েছে দুর্ভোগ।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সকাল ৮টা থেকে হালকা বৃষ্টি হয়েছে। ৯টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তবে রাতে বৃষ্টি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে আজ সকালে নগরীর চকবাজার, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, মুরাদপুর ও আগ্রাবাদ এলাকাসহ বিভিন্ন এলাকায় পানি জমে থাকতে দেখা যায়।

সরেজমিন দেখা গেছে, নগরীর প্রর্বতক মোড় এলাকায় বেলা ১২টায়ও পানি নামেনি। এতে পানিতে আটকে পড়ে বিভিন্ন যানবাহন। এসময় সৃষ্টি হয় লম্বা যানজটের। এতে দুর্ভোগ পড়েন যাত্রী, চালক ও পথচারীরা।

শুরুতে একটি সিএনজি অটোরিকশা পানিতে আটকে গিয়ে স্টার্ট বন্ধ হয়ে যায়। পরে পথচারীদের সহায়তায় ঠেলে সেটিকে সরানো হয়। এরপর একটি প্রাইভেটকারকে জমে থাকা পানির মধ্যে আটকে থাকতে দেখা যায়। ওই গাড়িকে পাশ কাটিয়ে চলতে দেখা যায় অন্যান্য যানবাহনকে।

আটকে পড়া সিএনটি অটোরিকশা চালক জানান, ইঞ্জিনি পানি ঢুকে যাওয়ায় স্টার্ট বন্ধ হয়ে গেছে। ওখানে একটি গর্ত ছিল সেখানে পড়ে গাড়ি কাত হয়ে গেছে। ৪-৫ জনের সহায়তায় গাড়ি তুলে আনা হয়েছে। এখন ইঞ্জিন খুলে পানি পরিষ্কার করতে হবে।

পথচারীরা জানান, সড়কে পানি জমে থাকায় যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। যানজট বাড়ছে। মানুষের ভোগান্তিও বাড়ছে। এখানে অল্প বৃষ্টিতেই পানি উঠে যায়। জলাবদ্ধতার সুযোগে রিকশাচালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন।

এদিকে জলাবদ্ধতা নিরসনে বর্ষাকে সামনে রেখে নগরীর খাল-নালা পরিষ্কার কাজ শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে চলছে এ কার্যক্রম।