নিজস্ব প্রতিবেদক
পোশাক শিল্পের রপ্তানিমুখী পণ্যবাহী কনটেইনারের জাহাজের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনারের ডকুমেন্টেশন ও অনুমোদন সম্পন্নের জন্যও অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের কনটেইনার ম্যানুয়াল অনুযায়ী রপ্তানি পণ্যের ক্ষেত্রে জাহাজের কাট-অফ সময় নির্ধারিত ছিল। দিনের জোয়ারে জাহাজ আগমনের ক্ষেত্রে আগমনের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে রাত ৮টা পর্যন্ত কনটেইনার জমা দেওয়ার সময় ছিল।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) আবেদনের পরিপ্রেক্ষিতে শুধু পোশাক রপ্তানি কনটেইনারের জন্য এ সময় ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দিনের জোয়ারে জাহাজ এলে পরের দিন সকাল সাড়ে ৭টা এবং রাতের জোয়ারে জাহাজ এলে পরের রাত ৮টা পর্যন্ত কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে স্টাফিং করা কনটেইনারের প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও অনুমোদনের জন্য দিনের জোয়ারের ক্ষেত্রে আরও ৬ ঘণ্টা ৩০ মিনিট, অর্থাৎ দুপুর ২টা পর্যন্ত এবং রাতের জোয়ারের ক্ষেত্রে আরও ৪ ঘণ্টা, অর্থাৎ রাত ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কনটেইনার স্টাফিং সম্পন্ন করতে রপ্তানিকারকদের আগেভাগে পণ্য স্টাফিং পয়েন্টে পৌঁছানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
জাহাজ যথাসময়ে ছাড়ার সুবিধার্থে নির্ধারিত সেইলিং সময়ের তিন ঘণ্টা আগে চট্টগ্রাম বন্দরের কনটেইনার গেট-ইন সময়সীমা শেষ হবে। এ সিদ্ধান্ত ২ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২ জুলাই ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।