• ঢাকা |

সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিউজ প্রকাশের তারিখ : ৪ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে খুব শিগগিরই বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক পতন ঘটেছে। এ দেশে তারা আর কোনো দিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিকভাবে তাদের দাফন হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা বিদেশে অবস্থান করে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নিয়মিত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের সময় পর্দার অন্তরালে তারেক রহমানের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তৎকালীন অরাজনৈতিক আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়া হয়েছিল।

জুলাই চেতনাকে কেন্দ্র করে কোনো ধরনের ব্যবসা বা অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জুলাই চেতনা বিক্রি ভালো নয়। যারা এই চেতনা নিয়ে ব্যবসা করার চেষ্টা করবে, দেশের মানুষ তাদের পরিণতি দেখবে।’

অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে এবং ধাপে ধাপে বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আনার উদ্যোগ বাস্তবায়ন করছে।