• ঢাকা |

চাপ-হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না ইরান, পাকিস্তান সফর বাতিল ট্রাম্পের


নিউজ প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক-

অবরোধ, চাপ ও হুমকির মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়েছে ইরান। একই সময়ে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে জানিয়েছেন, চাপ, হুমকি কিংবা অবরোধের মধ্যে তেহরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাবে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এখন আস্থার অভাব। প্রথমে সেই আস্থা পুনর্গঠন জরুরি।

ইরানের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, হরমুজে উত্তেজনা, অবরোধের আশঙ্কা এবং ওমানে মার্কিন সামরিক উপস্থিতি আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, শান্তিচুক্তির জন্য ইরান সন্তোষজনক কোনো প্রস্তাব দেয়নি। এ কারণে তিনি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন, “ইরানিদের সঙ্গে বৈঠকের জন্য ইসলামাবাদে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছি।”

তিনি আরও বলেন, যাতায়াতে অতিরিক্ত সময় নষ্ট হচ্ছে এবং কাজের চাপও অনেক। পাশাপাশি ইরানের নেতৃত্বে বিভ্রান্তি ও অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ভাষায়, “সব তাস এখন আমাদের হাতে, তাদের কাছে কিছুই নেই। তারা যদি আলোচনা করতে চায়, তাহলে শুধু একটি ফোন করলেই হবে।”

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে ইসলামাবাদ ত্যাগ করে। সফরকালে তারা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান এর সঙ্গে বৈঠক করেন।