• ঢাকা |

হাইতিকে হারিয়ে নকআউট পর্বের দুয়ারে ব্রাজিল


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

আপডেট ডেস্ক-

হাইতির বিপক্ষে দাপুটে ৩-০ গোলের জয় যেন ব্রাজিলকে পৌঁছে দিয়েছে নকআউট পর্বের একেবারে দরজায়। কার্লো আনচেলত্তির শিষ্যরা এখন ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে। এমনকি ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবোর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ টুল ‘বোলা দে ক্রিস্তাল’-এর হিসাব বলছে, সেলেসাওদের নকআউটে ওঠার সম্ভাবনা এখন অবিশ্বাস্য ৯৯.৯ শতাংশ।

গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট ও +৩ গোল ব্যবধান নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো, তবে গোল ব্যবধানে পিছিয়ে আফ্রিকার দলটি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে টিকে আছে স্কটল্যান্ড, আর টানা দুই হারে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে হাইতির।

এখন ব্রাজিলের সমীকরণ খুবই সহজ। শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র একটি পয়েন্ট পেলেই নিশ্চিত হয়ে যাবে শেষ ষোলোর টিকিট। ড্র করলেই ব্রাজিলের পয়েন্ট হবে ৫, যা স্কটল্যান্ডের পক্ষে আর ছুঁয়ে ফেলা সম্ভব নয়।

শুধু নকআউট নয়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়েও এগিয়ে রয়েছে ব্রাজিল। তবে সেজন্য নজর রাখতে হবে মরক্কো-হাইতি ম্যাচের দিকেও। যদি ব্রাজিল ড্র করে এবং মরক্কো জয় না পায়, তাহলে গ্রুপসেরা হয়েই পরের রাউন্ডে যাবে সেলেসাওরা।

আর যদি ব্রাজিল ও মরক্কো উভয় দলই নিজেদের শেষ ম্যাচে জয় তুলে নেয়, তাহলে শুরু হবে গোল ব্যবধানের হিসাব। কারণ দুই দলের মুখোমুখি লড়াই ১-১ গোলে ড্র হয়েছিল। সেক্ষেত্রে গ্রুপ শীর্ষস্থান নির্ধারণে বড় ভূমিকা রাখবে শেষ ম্যাচের ফলাফল।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দল। সেই গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ‘ক্রিস্টাল বল’-এর পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে সুইডেন।

তবে সব হিসাবের বাইরে একটি বিষয় স্পষ্ট—স্কটল্যান্ডের বিপক্ষে হার ছাড়া ব্রাজিলের সামনে বড় কোনো শঙ্কা নেই। এমনকি অঘটন ঘটলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউটে যাওয়ার সুযোগ থাকবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

তাই বলা যায়, শেষ ম্যাচে মাত্র একটি পয়েন্টের অপেক্ষায় ব্রাজিল। সেই লক্ষ্য পূরণ হলেই আনচেলত্তির দলের সামনে খুলে যাবে বিশ্বকাপের নকআউট পর্বের দরজা, আর নতুন করে জেগে উঠবে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন।