• ঢাকা |

চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা নিয়ে সংঘর্ষে মাদ্রাসা সুপার নিহত, আটক ১


নিউজ প্রকাশের তারিখ : ১৩ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে মাওলানা আবুল কাশেম (৬৫) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছেন আরও তিনজন।

এঘটনায় জড়িত থাকার অভিযোগে সামশুল আলম (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে নিহতের বসতবাড়ির সামনের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত আব্দুস সোবহানের ছেলে। তিনি চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসা-র সুপার হিসেবে কর্মরত ছিলেন। আটক সামশুল আলম নিহতের আপন চাচাতো ভাই।

আহতরা হলেন— নিহতের বোন ছকিনা বেগম (৬৫), শাহ আলম (৬৯) ও হারুনুর রশিদ (৪০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আবুল কাশেমের সঙ্গে তার চাচাতো ভাই প্রবাসী নুরুল হক, হারুনুর রশিদ ও সামশুল ইসলাম গংয়ের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বুধবার বিরোধপূর্ণ জায়গায় নতুন বাড়ি নির্মাণের কাজ শুরু হলে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

নিহতের মেয়ে উম্মে হাফছা অভিযোগ করেন, জোরপূর্বক জায়গা দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করলে তার ফুফু ছকিনা বেগম বাধা দেন। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে তার বাবা ঘটনাস্থলে এলে একপর্যায়ে লাঠির আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সৈয়দ হোসেন বলেন, জায়গা-জমির বিরোধের জেরে আবুল কাশেম খুন হয়েছেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু আদনান সাঈদী জানান, আবুল কাশেমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

এ বিষয়ে লোহাগাড়া থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।