• ঢাকা |

আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় সময় দুই সপ্তাহ


নিউজ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আবাসিক এলাকাটির পরিচ্ছন্নতা নিশ্চিত করে বাসযোগ্য পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার আকস্মিক পরিদর্শনে গিয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে কোয়ার্টারের বিভিন্ন এলাকা, চলাচলের পথ ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতার ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এসব সমস্যার কারণ জানতে চান সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

কোয়ার্টারের রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় ঘাটতি দূর করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে পুরো এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে দৃশ্যমান উন্নতি আনার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বাসিন্দাদের অভিযোগ শুনলেন প্রধানমন্ত্রী

পরিদর্শনকালে কোয়ার্টারের বাসিন্দারা এলাকার অপরিচ্ছন্ন পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আবাসিক এলাকার পরিবেশ উন্নয়ন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কার্যকর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বাসিন্দাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পরিদর্শনের একপর্যায়ে কোয়ার্টারে বসবাসরত শিশুদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

বিভিন্ন স্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি, চিকিৎসাসেবা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবে শনিবার রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবনে আকস্মিক পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দিনভর এসব স্থাপনা পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট সেবার মান, পরিবেশ ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন তিনি। এর অংশ হিসেবেই আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিচ্ছন্নতা ও আবাসিক পরিবেশের বিষয়টি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী।