আপডেট ডেস্ক-
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।
স্পিকারের দপ্তর জানিয়েছে, জানাজা শেষে আগামী ৪ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্পিকারের।
গত ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন তিনি।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খামেনি। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধ চলাকালে ইসলামি বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে।