নিজস্ব প্রতিবেদক-
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসে সহিংস ও ‘চাপাতির রাজনীতি’ ফেরানোর চেষ্টা করলে ছাত্রসমাজ তা প্রতিহত করবে এবং ছাত্রসমাজ তাদেরকে লাল কার্ড দেখাবে। ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি বলতে চাপাতি দিয়ে কোপানোকে বুঝে।
বুধবার (২২) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের কমিশনার কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় ডাকসুর ভিপি আরো বলেন, গতকালের সংঘর্ষ ও হামলায় জড়িতদের অস্ত্র-শস্ত্র হাতে ছবি পুলিমের কাছে দেয়া হয়েছে এবং আহতদের বিষয়ে পুলিশ কমিশনারকে অবহিত করা হয়েছে। প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছে এখন দেখার বিষয় প্রশাসন কথা কাজের মিল রাখেন কিনা।
সাদিক কায়েম আরো বলেন “প্রকাশ্যে রাজনীতির নামে কেউ যদি চাপাতি, রামদা বা হকিস্টিক নিয়ে ক্যাম্পাসে তাণ্ডব চালায়, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
সাম্প্রতিক সংঘর্ষ কোনো ‘গুপ্ত লেখাকে’ কেন্দ্র করে নয়, বরং সেটিকে অজুহাত বানিয়ে বহিরাগতদের এনে হামলা চালানো হয়েছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একই ধরনের সহিংসতার পুনরাবৃত্তির কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে গতকাল চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে আহতদের হাসপাতালে দেখেতে যান এবং খোঁজখবর নেন সাদিক কায়েম।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম নামে ছাত্রশিবিরের এক নেতার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।