• ঢাকা |

সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠনের ৭২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩


নিউজ প্রকাশের তারিখ : ৭ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ধনতোষ চাকমা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর এলাকায় ডিসি পার্কসংলগ্ন বন্দরমুখী সড়কে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আকস্মিক মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সংঘবদ্ধভাবে তৎপরতা চালান বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শনের সময় কার্তুজের খোসা ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। পরে অভিযান চালিয়ে সৈয়দ আশরাফ, সাইফুদ্দিন শিকদার পারভেজ ও আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর বলেন, “ঘটনার পর দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”