চট্টগ্রামের দুই সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন এবং একটি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
এছাড়া, আগে চট্টগ্রাম-১০ আসন থেকে নির্বাচন করার কথা থাকলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবার নির্বাচন করবেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে। তার পরিবর্তে চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-পাঁচলাইশ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বর্ষীয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান তূর্য।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।”
এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তখন চট্টগ্রাম-১১ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে দলের ভেতরে বিরোধ তৈরি হয়। সালাউদ্দিনকে প্রার্থী ঘোষণার পর আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। ওই ঘটনায় আসলাম চৌধুরীর অনুসারী কয়েকজন নেতাকর্মীকে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে বহিষ্কার করা হয়। একই সময়ে সালাউদ্দিনের অনুসারীরা এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকে দুই পক্ষ আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করে আসছিল।