• ঢাকা |

বাজেট ২০২৬-২৭: যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে


নিউজ প্রকাশের তারিখ : ১০ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, চিকিৎসাসামগ্রী, মোবাইল ফোন, বিদ্যুৎ ও পরিবেশবান্ধব যোগাযোগ খাতে কর ও শুল্ক ছাড়ের প্রস্তাব আসতে পারে। ফলে এসব খাতের বিভিন্ন পণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে তামাকজাত পণ্য, রড, বিলাসী সামগ্রী ও কিছু আমদানিকৃত পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্ভাব্য বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

যেসব পণ্যের দাম কমতে পারে

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাল, ধান, গম, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ ৬০টি নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎসে কর কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে এসব পণ্যের নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হতে পারে।

চিকিৎসা খাতে কিডনি ডায়ালাইসিস ফিল্টারের ওপর ৫ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হলে প্রতিটি ডায়ালাইসিসের খরচ প্রায় ৬০০ টাকা পর্যন্ত কমতে পারে। এছাড়া ওষুধের কাঁচামাল, হার্টের রিং ও চোখের লেন্সের ওপর কর ছাড়ের প্রস্তাব রয়েছে।

টেলিযোগাযোগ খাতে মোবাইল সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকার কর বাতিল হতে পারে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনের কাঁচামালের কর কমানোর পাশাপাশি মূসক অব্যাহতির মেয়াদ বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

সৌরবিদ্যুৎ উৎপাদন, ইলেকট্রিক যানবাহন ও চার্জিং স্টেশন স্থাপনে কর ছাড় দেওয়া হতে পারে। এছাড়া কম্পিউটার প্রিন্টার, মনিটর, ফ্ল্যাশ মেমোরি, সার, কীটনাশক ও বিভিন্ন শিল্পের কাঁচামালের ওপরও কর কমানোর প্রস্তাব রয়েছে।

যেসব পণ্যের দাম বাড়তে পারে

তামাকজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করতে সিগারেটের কাঁচামাল ও নিকোটিনের ওপর উচ্চ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। এর ফলে সিগারেটের দাম বাড়তে পারে।

আমদানিকৃত কাজুবাদাম, উচ্চমূল্যের হিমায়িত মাছ, বিদেশি প্রসাধনী ও বিলাসী পণ্যের ওপর নতুন করে ভ্যাট আরোপের পরিকল্পনা রয়েছে। এছাড়া নির্মাণ খাতের প্রধান উপকরণ এমএস রড উৎপাদনে কর বাড়ানোর কারণে রডের দামও বাড়তে পারে।

অর্থনীতিবিদদের মতে, প্রস্তাবিত এসব কর ও শুল্ক পরিবর্তনের মাধ্যমে একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে স্থানীয় শিল্পের বিকাশ ও পরিবেশবান্ধব বিনিয়োগ উৎসাহিত করার চেষ্টা করছে সরকার।