চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠছে। প্রতীক বরাদ্দের পর সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। শুধু প্রার্থীরাই নন, তাদের সঙ্গে মাঠে নেমেছেন স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও। কোথাও সাবেক মন্ত্রী বাবা ছেলের জন্য ভোট চাইছেন, আবার কোথাও বাবার জন্য মাঠে নামছেন সন্তান। এ যেন নির্বাচনী প্রচারণায় এক ভিন্ন আমেজ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্বজনদের বিরামহীন প্রচারণায় শহর থেকে গ্রাম সর্বত্র উৎসবের আমেজ।
চট্টগ্রামের ১৬ আসনের বড়-ছোট বিভিন্ন রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থীসহ তাদের স্বজনদের প্রচারণা উত্তাপ ছড়াচ্ছে। প্রচারণার এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন প্রার্থীদের স্ত্রী-সন্তানরা। অনেক প্রার্থীর পক্ষে মা-বোনও গণসংযোগ করছেন। প্রার্থীদের পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণ প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।
চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থীদের প্রচারণায় দেখা গেছে, একদিকে প্রার্থীদের প্রতিশ্রুতি, অন্যদিকে আছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ। সরগরম প্রতিটি নির্বাচনী এলাকা। ভোটের বাকি আর মাত্র ১৪ দিন। প্রার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ কর্মী-সমর্থকরা প্রচার-প্রচারণায় দিন-রাত ব্যস্ত সময় পার করছেন।
শুরু থেকে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর সাথে যেসব আসনে জামায়াতে ইসলামী, এনসিপি ও এলডিপির প্রার্থী রয়েছেন সেখানে জমজমাট প্রচারণা চলছে। চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে ১৩ আসনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর এবং একটি আসনে বিএনপির সঙ্গে এনসিপির ও জামায়াতের ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আসনে বিএনপির সঙ্গে এলডিপির প্রার্থীর এবং একটি আসনে বিএনপির সঙ্গে ১০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এবার চট্টগ্রামে ১১৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে ভোটযুদ্ধে লড়ছেন। ভোটের মাঠে কয়েকদিন ধরে বেশ কিছু আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা প্রচারণায় নেমেছেন।
চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইস্রাফিল খসরু প্রতিদিন নির্বাচনী প্রচারে যাচ্ছেন। বাবার পাশাপাশি পৃথক কর্মসূচি নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন ইস্রাফিল খসরু।
ইসরাফিল খসরু বলেন, দেশ পরিবর্তনের চলমান আন্দোলনে অংশ হিসেবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দিন। আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে।
চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের পক্ষে নারী ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে নেমেছেন তার স্ত্রী নাজনিন নিজাম। একই সঙ্গে তার ছেলে শাহওয়াজ জামাল নিজাম সনিও আনোয়ারা-কর্ণফুলী এলাকায় নিয়মিত প্রচারণা চালাচ্ছেন।
দেখা গেছে, চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ড পৌর সদরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীল মাওলা। সীতাকুণ্ড পৌর সদরে গণসংযোগ শেষে জামিলা নাজনীল উপজেলার সোনাইছড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর মাহমুদা বেগম, অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, নার্গিস আক্তার প্রমুখ।
এ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা এর পাশাপাশি রয়েছেন মেয়ে মেহরীন আনহার উজমা।
আসলাম চৌধুরীর মেয়ে মেহরীন আনহার উজমা নারীদের বিনামূল্যে শিক্ষা ও ভাতা কর্মসূচিকে আরও সম্প্রসারণ, বাজারকেন্দ্রিক কারিগরি ও ডিজিটাল দক্ষতা উন্নয়ন, মাতৃস্বাস্থ্য ও পুষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের সহায়তায় বিএনপি কাজ করবে বলে উল্লেখ করেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগসহ সভা-সমাবেশ করছেন মীর হেলালের স্ত্রী নওশিন আরজান হেলাল। মীর হেলাল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগসহ সমাবেশে অংশ নিচ্ছেন। নওশিন আরজান গণসংযোগকালে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তার সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছেন হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাসরিন আক্তার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মালা বেগমসহ মহিলা দলের নেতাকর্মীরা।
এদিকে চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন তার মা-বোনসহ হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী। কয়েকদিন আগে রাঙ্গুনিয়ায় নির্বাচনী জনসভায় হুমাম কাদেরের পক্ষে তার মা এবং বোন ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এর আগে থেকেই হুমাম কাদেরের সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তার সহধর্মিনী।
হুমাম কাদের চৌধুরীর মা ফারহাত কাদের চৌধুরী বলেন, আমার স্বামী সালাউদ্দিন কাদের চৌধুরী এখানে আগেও নির্বাচন করেছেন। তিনি আপনাদের জীবনমান উন্নয়নে চিন্তা করতেন। তার অত্যন্ত প্রিয় ছিল হুম্মাম কাদের চৌধুরী; তাকে আপনাদের জন্য উৎসর্গ করে গেছেন। আপনাদের জিম্মায় আমার ছেলেকে তুলে দিতেই আমি এসেছি।
চট্টগ্রাম-৯ কোতোয়ালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে গণসংযোগে নেমেছেন তার সহধর্মিনী অধ্যক্ষ আমেনা শাহীন। গণসংযোগকালে তিনি কোতোয়ালী এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে ফজলুল হকের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।
বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী।
প্রার্থীরা গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।