মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রিন্স কোর্ট চিকিৎসাধীন মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (১৮ মে) হাসপাতালে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এ সময় তিনি মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
সফরসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস।
এর আগে গত ১১ মার্চ রমজানে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পরে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত ও প্রবীণ এই বিএনপি নেতার অসুস্থতার খবর প্রকাশের পর থেকেই দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন মহল তার সুস্থতা কামনা করছেন।