নিজস্ব প্রতিবেদক
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ভালো কাজেরও একটি মূল্য দিতে হয়। তবে সেই মূল্য যে এতটা কঠিন হবে, তা তিনি কল্পনাও করেননি।
রোববার (৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে সাম্প্রতিক বিভিন্ন সমালোচনা ও প্রচারণার প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
ফারুকী লেখেন, “প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয়— এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলাম। কিন্তু সেটা যে এতটা ভয়াবহ হবে, তা কখনো ভাবিনি।”
সরকার থেকে বিদায়ের পর তাকে নিয়ে বিভিন্ন মহলে চলমান সমালোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এমন অনেক ব্যক্তি তার বিষয়ে মন্তব্য করছেন, যাদের তিনি আগে কখনো গুরুত্বের সঙ্গে বিবেচনাই করেননি। সাংবাদিকদের কাছ থেকে এসব মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাওয়াকেও তিনি ‘কাফফারা’র অংশ হিসেবে উল্লেখ করেন।
সমালোচনাকে ‘মিথ্যাচার’ ও ‘প্রচারণা’ আখ্যা দিয়ে ফারুকী দাবি করেন, এসব আক্রমণই প্রমাণ করে তিনি দায়িত্ব পালনে সফল ছিলেন।
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, “মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইয়েও আমি মানুষের পক্ষেই ছিলাম।”
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর থেকেই মোস্তফা সরয়ার ফারুকীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।