নিজস্ব প্রতিবেদক-
চট্টগ্রামের পটিয়া পৌরসভার নতুন পুকুরপাড় এলাকার চিশতিয়া খানকাহ শরিফের একটি এবাদতখানা থেকে বিষধর পদ্ম গোখরা সাপের ১২টি ডিম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কয়েক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশ ডিমগুলো নিরাপদে উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খানকাহ শরিফের একটি জরাজীর্ণ কক্ষে প্রথমে একটি বিষধর সাপ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি উদ্ধারকারী দলকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে একই স্থানে পদ্ম গোখরা সাপের ১২টি ডিমের সন্ধান পান। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে কেউ কেউ আতঙ্কে ডিমগুলো নষ্ট করার চেষ্টা করলেও স্থানীয় সচেতন ব্যক্তিদের উদ্যোগে তা বন্ধ করা হয়। পরে উদ্ধারকারী দল এসে ডিমগুলো নিরাপদে সংগ্রহ করে।
চিশতিয়া খানকাহ শরিফ পরিচালনা কমিটির সভাপতি সেলিম উল্লাহ বলেন, আগের রাতে একটি সাপ দেখা যাওয়ার পর নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম স্নেক রেসকিউ টিমকে খবর দেওয়া হয়। তাদের অভিযানে ডিমগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
চট্টগ্রাম স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সিনিয়র রেসকিউয়ার মো. নাঈম উদ্দিন বিজয় জানান, উদ্ধার হওয়া ডিমগুলো বিষধর পদ্ম গোখরা সাপের। বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃত্রিম পরিবেশে ডিম ফুটিয়ে বাচ্চা বের করতে প্রায় দেড় থেকে দুই মাস সময় লাগবে। এরপর সাপের বাচ্চাগুলো লোকালয় থেকে দূরের নিরাপদ প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ডিম উদ্ধারের সময় মা সাপটি সম্ভবত খাদ্যের সন্ধানে বাইরে ছিল। সাপ পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সাপ বা সাপের ডিম দেখলে আতঙ্কিত না হয়ে বন বিভাগ অথবা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।