• ঢাকা |

ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি-সিসিটি ইজারার প্রতিবাদে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচির ডাক


নিউজ প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে আগামী ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বন্দর রক্ষা কমিটি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বন্দরের ২ নম্বর গেটের সামনে বিক্ষোভ মিছিল শেষে এ কর্মসূচি ঘোষণা করেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার।

এর আগে বারিক বিল্ডিং মোড়ে সমাবেশে শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের অন্যতম প্রধান ভিত্তি। গুরুত্বপূর্ণ দুটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দীর্ঘমেয়াদে ইজারা দেওয়া দেশের স্বার্থ, শ্রমিকদের অধিকার ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

বন্দর রক্ষা কমিটির নেতারা বলেন, বন্দরের সম্পদ ও অবকাঠামো জনগণের সম্পদ। তাই এনসিটি ও সিসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসতে হবে।

কমিটির আহ্বায়ক দেলোয়ার মজুমদার বলেন, এতদিন শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। সরকার বিষয়টি আমলে না নেওয়ায় এখন ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। এনসিটি ও সিসিটি ইজারা না দেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।